জাতীয়নির্বাচিত

বাংলাদেশ বাজার পরিস্থিতি : বেড়েছে মুরগির দাম, কাটেনি সয়াবিন তেলের ‘সংকট’

Share

বাজারে হঠাৎ বেড়েছে সোনালি মুরগির দাম। এক সপ্তাহ আগের তুলনায় সোনালি মুরগির দাম কেজিতে ৩০-৫০ টাকা বেড়েছে। অন্যদিকে বাজারে আলু, পেঁয়াজ ও বিভিন্ন সবজির দাম আগের তুলনায় কমেছে। এ ছাড়া বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ–সংকট এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

গতকাল রাজধানীর শেওড়াপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ কয়েক সপ্তাহে বাজারে ধরনভেদে সোনালি মুরগি ২৮০-৩২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। তবে গত দুই দিনে হঠাৎ এর দাম বেড়ে যায়। গতকাল প্রতি কেজি সোনালি মুরগি ৩৩০-৩৫০ টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ প্রতি কেজিতে ৩০ থেকে ৫০ টাকা দাম বেড়েছে। আর গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ২১০ টাকা। এই দামও সপ্তাহখানেক আগে কেজিতে ১০ টাকার মতো কম ছিল। তবে ফার্মের মুরগির ডিমের দাম কমেছে। গতকাল এক ডজন ডিম ১৩০-১৩৫ টাকায় বিক্রি হয়েছে।

মুরগির দাম বাড়ার বিষয়ে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, আর্থিক ক্ষতির মুখে পড়ে ও শীতের কারণে গত দুই মাসে অনেক খামারি তাঁদের খামারে মুরগির বাচ্চা তোলেননি। এ কারণে কিছুটা সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। অন্যদিকে থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে মুরগির চাহিদা কিছুটা বেড়েছে। মূলত এসব কারণে মুরগির দাম বেড়েছে।

৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়ায় ভোজ্যতেল কোম্পানিগুলো। এরপর দুই সপ্তাহ পার হলেও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। বিক্রেতারা জানান, কোম্পানিগুলো স্বল্পসংখ্যক বোতলজাত সয়াবিন দিচ্ছে, তবে তা ভোক্তা চাহিদার তুলনায় অনেক কম। বাজারে দুই সপ্তাহ আগে চালের দাম কেজিতে পাঁচ টাকার মতো বেড়েছিল। বর্তমানে সেই দামেই স্থিতিশীল রয়েছে।

আলু-পেঁয়াজের দাম কমেছে
বিক্রেতারা জানান, বর্তমানে বাজারে মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বেড়েছে। এর প্রভাবে কমছে সব ধরনের পেঁয়াজের দাম। যেমন গত সপ্তাহে প্রতি কেজি মুড়িকাটা পেঁয়াজের দাম ছিল ৭০-৮০ টাকা; যা গতকাল ৫০-৬০ টাকায় বিক্রি হয়। এ ছাড়া সপ্তাহের ব্যবধানে আমদানি করা ও দেশি পুরোনো পেঁয়াজেও কেজিতে ৩০ টাকা দাম কমেছে। গতকাল এক কেজি আমদানি করা পেঁয়াজ ৫০-৬০ টাকায় ও দেশি পুরোনো পেঁয়াজ ৬০-৮০ টাকায় বিক্রি হয়।

বাজারে নতুন আলুর সরবরাহ বাড়ায় পণ্যটির দামও কমছে। সপ্তাহের ব্যবধানে নতুন আলুর দাম কেজিতে ১০ টাকা কমেছে। গতকাল প্রতি কেজি নতুন ও পুরোনো আলু ৫০-৬০ টাকায় বিক্রি হয়েছে। তিন সপ্তাহ আগে এক কেজি আলুর দাম ছিল ৮০ টাকা।

এদিকে বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে। এতে প্রায় সব ধরনের সবজির দাম উল্লেখযোগ্য হারে কমেছে। গতকাল বাজারভেদে প্রতি কেজি শিম ৪০-৫০ টাকা, শালগম ৩০ টাকা, মুলা ২০ টাকা, টমেটো ৭০ থেকে ১০০ টাকা, বেগুন ৪০-৬০ টাকা এবং প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া এক কেজি কাঁচা মরিচের দাম এখন ৬০-৮০ টাকা। এ ছাড়া লাউ, পেঁপে, পেঁয়াজকলি, বরবটি, মিষ্টিকুমড়া প্রভৃতি সবজির দামও আগের তুলনায় কমেছে।

শেওড়াপাড়া বাজারে গতকাল কথা হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী শান্তা আবেদীনের সঙ্গে। তিনি বলেন, ‘সয়াবিন তেলের দাম তো বেড়েছে; কিন্তু কয়েক দোকান ঘুরেও বোতলের সয়াবিন তেল কিনতে পারছি না। এই সমস্যার সমাধান করা প্রয়োজন।’

Share
Related Articles

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলোর ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার,সকল সহযোগী...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা...

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (বগুড়া পৌরসভার ২১টি...

সেনাবাহিনীতে রদবদল: নতুন কিউএমজি শাহীনুল, এনডিসিতে ফয়জুর

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। এর...