জাতীয়

পল্টনে হিযবুত তাহ্‌রীরের মিছিল ছত্রভঙ্গ আটক আড়ত কর্মচারীকে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

Share

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের মিছিল ছত্রভঙ্গ করার সময় রাজধানীর পল্টন থেকে আটক একজনকে পুলিশ হেফাজত থেকে ছাড়িয়ে নিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই ব্যক্তির নাম আরমান আলী (৪০)। তিনি রাজধানীর কারওয়ান বাজারের একটি কাঁচামালের আড়তের কর্মচারী বলে সাংবাদিকদের জানিয়েছেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা কার্যালয় গিয়ে আরমানকে ছাড়িয়ে আনেন। পরে চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আরমানকে সেনাবাহিনী সন্দেহভাজন হিসেবে ধরে ডিবি পুলিশের কাছে দিয়েছিল। এ খবর পেয়ে তিনি আরমানকে ডিবি কার্যালয় থেকে ছাড়িয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছেন।

আজ জুমার নামাজের পর ঢাকার পল্টন মোড়ে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তখন সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরমান আলীসহ বেশ কয়েকজন আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

ঢাকা মেডিকেলে আরমান আলী বলেন, তিনি কারওয়ান বাজারে একটি আড়তে কাজ করেন। তাঁর বাসা ফকিরেরপুল পানির ট্যাংকের কাছে। ঘটনার সময় তিনি বাসায় যাচ্ছিলেন। এ সময় হিযবুত তাহ্‌রীরের সদস্যরা তাঁকে মারধর করেন। তখন সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আটক করে।

এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া পল্টনের ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হিযবুত তাহ্‌রীরের এক সদস্যকে পুলিশ পেটাচ্ছে। এ সময় আরমানকে দেখা যায়, তিনিও হিযবুত তাহ্‌রীরের ওই সদস্যের ওপর চড়াও হয়েছেন।

Share
Related Articles

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা...

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (বগুড়া পৌরসভার ২১টি...

সেনাবাহিনীতে রদবদল: নতুন কিউএমজি শাহীনুল, এনডিসিতে ফয়জুর

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। এর...

জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, শক্তিশালী বিরোধী দল হবে: তাহের

জামায়াতে ইসলামী কোনো জাতীয় সরকারে অংশ নেবে না, বরং শক্তিশালী বিরোধী দলের...